কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব জানায়, উখিয়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১-এর সদস্যরা অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অপহরণকারীরা তাদের তুলে নিয়ে যায়। পরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তাদের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং তাদের প্রাণনাশের হুমকিও দেয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের মুচনী রেজিস্টার ক্যাম্প-১-এর বটগাছতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহমেদকে (৫৩) আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের মুচনী রেজিস্টার ক্যাম্প-১ এর বটগাছতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহমেদকে (৫৩) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে এবং উদ্ধার হওয়া তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অপহরণচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।