যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিনটি আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে ফিফা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়ায় বিশেষ আয়োজনও থাকছে। ইতোমধ্যে তিন দেশের উদ্বোধনী ম্যাচের জন্য আন্তর্জাতিক তারকাদের একটি তালিকা চূড়ান্ত করেছে ফিফা।
এই আয়োজনে পারফর্মার হিসেবে থাকছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সানজয়। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মঞ্চ মাতাবেন। একই মঞ্চে আরও থাকবেন বিশ্বখ্যাত শিল্পী কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্কের লিসা।
খবরটি নিশ্চিত করে সানজয় বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখতাম। আজ সেই মঞ্চের অংশ হতে পারছি—এটা অবিশ্বাস্য লাগছে। একজন অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিজের হোম স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠ অনেক দূর পৌঁছাতে পারে।’
নিজের সংগীতের মাধ্যমে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন সানজয়।
একই দিনে মাঠে নামবে কানাডাও। টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের আগে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।
অন্যদিকে, ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও অ্যাজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও টাইলার মতো তারকারা।
এ ছাড়া তিন আয়োজক দেশজুড়ে আরও পারফর্ম করবেন জে বালভিন, অনিতা, ড্যানি ওশান, এলিয়ানা ও ভেজেড্রিমসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্পী।
স্টেডিয়ামে দর্শকদের আগেভাগে উপস্থিতি নিশ্চিত করতে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবে ফিফা। মেক্সিকোর অনুষ্ঠান চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠান হবে ১৩ মিনিট করে।

