বিশ্বকাপের ২৩তম আসর শুরু হচ্ছে আজ। আগামী ১৯ জুলাই পর্যন্ত যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে চলবে ফুটবলের মহোৎসব। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিন দেশ যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্টটি।
বিশেষত্ব থাকছে উদ্বোধনী অনুষ্ঠানেও। তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী আয়োজন হবে—মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। ২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারও বিশ্বকাপে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
এতে মেক্সিকোর ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও আদিবাসী শিল্পের প্রদর্শনী থাকবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে মঞ্চে উঠবেন শাকিরা ও বার্না বয়।
পরদিন টরন্টোতে কানাডার ম্যাচের আগে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দেশটির ইতিহাস ও গৌরবময় মুহূর্ত তুলে ধরা হবে। পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহিসহ আরও অনেকে।
লস অ্যাঞ্জেলেসে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বৃহৎ পরিসরের ভিজ্যুয়াল শো ও গল্পভিত্তিক উপস্থাপনা। মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা ও রেমা।
২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে নতুন মাত্রা দেওয়া শাকিরা এবারও থাকছেন। আয়োজকদের লক্ষ্য, তিনটি অনুষ্ঠানের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি ফুটবলের ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনায় আছেন মার্কো বালিচ। তিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী আয়োজনের সফল রূপকার হিসেবে পরিচিত।


