সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি সুস্থ জাতি গঠন দেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে দেশব্যাপী ম্যারাথন আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনে ১০টি দেশের অংশগ্রহণে ১০ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেন, যা দেশের সবচেয়ে বড় ম্যারাথন ইভেন্ট হিসেবে উল্লেখযোগ্য।
ভোর ৫টায় প্রতিযোগিতা শুরু হয়, যার এবারের প্রতিপাদ্য ছিল ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি।’ সেনাপ্রধান জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথনের পাশাপাশি দেশের বড় শহর ও জেলা পর্যায়ে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, “আমরা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে জয়-পরাজয় নয়, বরং দেশ ও জাতিকে সুস্থ জীবনধারায় সম্পৃক্ত করতে চাই। আজকের আয়োজনে অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা আমাদের অনুপ্রাণিত করছে। আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
তরুণদের শারীরিক ফিটনেসের প্রতি কম মনোযোগ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, “আগে মানুষের মধ্যে যে শারীরিক সক্রিয়তা ছিল, এখন তা অনেক কমে গেছে। খেলার মাঠের অভাব, ব্যস্ত জীবনধারা ও প্রযুক্তিনির্ভরতা এর অন্যতম কারণ। আমরা চাই তরুণ প্রজন্ম খেলাধুলায় বেশি অংশগ্রহণ করুক, আর ম্যারাথন হতে পারে সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম।”
-পার্বত্য সময়


