বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরবর্তী সংকট আরও গভীর হচ্ছে। নবনির্বাচিত কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এবং নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ তুলে দেশের সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলোর একটি অংশ।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এই কঠোর কর্মসূচির ঘোষণা দেন। ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার’-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ প্রায় ৪০টি ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মাসুদুজ্জামান বলেন, “৬ অক্টোবরের নির্বাচন কারচুপির সব সীমা ছাড়িয়ে গেছে। আমরা এই নির্বাচন গ্রহণ করি না। আমাদের মতে, নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবৈধ। যেহেতু ক্রিকেটের সৌন্দর্যই হারিয়ে গেছে, তাই আমরা ঘোষণা দিচ্ছি প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে সব স্তরের লিগে আর অংশ নেব না। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে।”
তিনি আরও বলেন, “সামনে ফেডারেশন ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ লিগ আছে। আমরা ভাবেছিলাম এসব লিগে অংশ নেব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। যদি এভাবে চলতে থাকে, আমরা খেলব না। ক্লাব প্রতিনিধিদের ওপর হুমকি বা ষড়যন্ত্রের চেষ্টা হলে আমরা ঐক্যবদ্ধ থাকব।”
এর আগে, নির্বাচনের আগে এই ক্লাবগুলো তিনটি দাবি জানিয়েছিল, যার মধ্যে ছিল নির্বাচন পুনঃতফসিল অথবা অ্যাডহক কমিটি গঠন করে নতুন ভোটগ্রহণ। এই দাবিতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল। তবে তাদের দাবি উপেক্ষা করে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবার ঘরোয়া ক্রিকেট বর্জনের পথে হাঁটল ক্লাবগুলো।


