বর্ণিল ক্যারিয়ারের এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে আরও একবার নিজের ক্লাসিক ব্যাটিং মেজাজের প্রমাণ রাখলেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি করে যেন ক্যারিয়ারের বিশেষ অধ্যায়ে নিজ হাতে স্বর্ণাক্ষরে নাম লেখালেন বাংলাদেশের ‘মিস্টার ক্রিকেট’।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনের শেষ বিকেলে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিনের প্রথম সেশনে এসে অপেক্ষার অবসান ঘটে। ১৯৫ বলে মাত্র ৫টি বাউন্ডারির সাহায্যে দৃষ্টিনন্দন ব্যাটিং শৈলীতে তুলে নেন ব্যক্তিগত ১৩তম টেস্ট সেঞ্চুরি। এ নিয়ে বিশ্ব ক্রিকেটে ১১তম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এই কীর্তির মালিকানায় তার আগে ছিলেন জো রুট, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, গর্ডন গ্রিনিজসহ আরও কয়েকজন কিংবদন্তি।

মুশফিকের সেঞ্চুরির দিনে লিটন দাসও ছিলেন দৃঢ়। প্রথম দিনের ৪৭ রানের ইনিংসকে এগিয়ে নিয়ে দ্বিতীয় দিনে ফিফটির দেখা পান তিনি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে চাপমুক্তভাবে এগোতে থাকে টাইগারদের প্রথম ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮২ রান। ১০৬ রানে হামফ্রেসের বলে ধরা পড়েন মুশফিকুর রহিম। এই মুহুর্তে লিটন দাস ১০২ রানে মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন। 

প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে যেভাবে দিন শেষ করেছিল বাংলাদেশ, দ্বিতীয় দিনও ঠিক তেমনই দায়িত্বশীল ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখেন দুই অভিজ্ঞ ব্যাটার। শততম টেস্টে সেঞ্চুরি করে মিরপুরের গ্যালারি, সতীর্থরা ও ক্রিকেটপ্রেমীদের জন্য এক স্মরণীয় সকাল উপহার দিলেন মুশফিকুর রহিম।