ইন্টার মায়ামির ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে দলটি। ‘বেস্ট অব থ্রি সিরিজের’ নির্ধারণী ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। রাতটা ছিল লিওনেল মেসির- দুই গোল, এক অ্যাসিস্ট আর আরেকটি গোলের সূচনা; সব মিলিয়ে দাপুটে উপস্থিতি।
আগের দুই ম্যাচে সমানে সমান ছিল দুই দল। প্রথম ম্যাচে মায়ামির জয়, দ্বিতীয়টিতে নাশভিলের। তাই আজ ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে শুরু থেকেই মায়ামি আধিপত্য দেখায়। মাত্র ১০ মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মেসি। মাঝমাঠে নাশভিলের ভুল থেকে বল পেয়ে চারজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।
৩৯তম মিনিটে আসে তার দ্বিতীয় গোল। জর্দি আলবার লম্বা পাস ধরে মাতেও সিলভেত্তির ব্যাক-পাস থেকে প্রায় অরক্ষিত অবস্থায় বল পেয়ে দূর থেকে নিখুঁত শটে গোল করেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৮৯৪তম গোল।
বিরতির পরও শাসন চালিয়ে যায় মায়ামি। ৭৩ মিনিটে আলেন্দে গোল করেন আলবার কাট-ব্যাক থেকে। দুই মিনিট পর আবারও গোল আলেন্দের। এবার মেসির লিফট করা পাস নিয়ন্ত্রণে নিয়ে চিপ করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।
ব্যক্তিগত রেকর্ডের রাতেও মূল আলো ছিল মায়ামির অর্জনে। গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতেও প্লে-অফের প্রথম ধাপেই থেমেছিল দলটি। এবার সেই দেয়াল ভেঙে তারা পৌঁছে গেছে কনফারেন্স সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। ম্যাচটি হতে পারে ২২ বা ২৩ নভেম্বর।

