মেজর লিগ সকারে গোলের ধারায় যেন বিরতি নেই লিওনেল মেসির। ন্যাশভিলের বিপক্ষেও নিজের জাদু দেখিয়ে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তাঁর দারুণ পারফরম্যান্সে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ এক জয়।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির গোল আসে ম্যাচের দুই অর্ধেই। প্রথম গোলটি তিনি করেন ১৭তম মিনিটে। বক্সের কাছ থেকে ফাউল পেয়ে ফ্রি কিক নেন মেসি। নিচু শটে বল পাঠান ন্যাশভিলের জালে- গোলকিপারের কোনো কিছু করার ছিল না।
দ্বিতীয় গোলটি আসে ৬২তম মিনিটে, প্রতিপক্ষ গোলকিপারের ভুলে। সতীর্থের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে গড়বড় করে বসেন ন্যাশভিলের জো উইলিস। বল চলে যায় মেসির পায়ে। সুযোগটি কাজে লাগিয়ে সহজেই দ্বিতীয় গোল করেন তিনি।
টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের অনন্য কীর্তি গড়লেন মেসি। এর আগে তিনি মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল। মেজর লিগ সকারে এ রকম ধারাবাহিকতায় জোড়া গোল করার নজির আর কারো নেই।
এদিন ফ্রি কিক থেকে করা গোলটি ছিল মেসির ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল, যা তাঁকে বিশ্ব ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ফ্রি কিক গোলদাতার স্থানে নিয়ে গেছে। এর ফলে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি মার্কোস আসুনসিওকে (৬৮)। তালিকায় তাঁর সামনে এখন রয়েছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।
ন্যাশভিল অবশ্য এক সময় ম্যাচে সমতা ফিরিয়েছিল। ৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে ১-১ ব্যবধানে ম্যাচে ফিরে দলটি। তবে মেসির দ্বিতীয় গোলই ম্যাচের ফল নির্ধারণ করে।
এই জয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। দলটির সংগ্রহ ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন পঞ্চম। অন্যদিকে, ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ন্যাশভিল আছে তিন নম্বরে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট (২২ ম্যাচ)।

-পার্বত্য সময়