সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের অলিম্পিক বাছাই খেলতে গত বছর এই মার্চেই মিয়ানমার সফর বাতিল নিয়ে ক্রীড়াঙ্গন উত্তাল হয়েছিল। বছর ঘুরে আবার সেই মার্চেই বাফুফে নারী দল মিয়ানমার পাঠানোর পরিকল্পনা করছে।

১ থেকে ৯ এপ্রিল নারী ফিফা উইন্ডো। রমজানের জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ আসতে রাজি না হওয়ায় বাফুফে দেশেই দুটি ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু কোনো দেশ আসতে রাজি না হওয়ায় মিয়ানমারে গিয়ে খেলার পরিকল্পনা করছে বাফুফে। ইতোমধ্যে মিয়ানমার-বাংলাদেশ এর দুটি ম্যাচ খেলার ও আয়োজনের সম্মতি দিয়েছে দেশটি। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত স্বীকৃতি দেয়নি।

বর্তমানে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। যে কারণে নারী দলের মিয়ানমার সফর নিশ্চিত করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে বাফুফে। বাফুফে সূত্রে জানা গেছে, মিয়ানমার ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফের আলোচনা ইতিবাচক। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেলেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বছরে অনেক দেশেই যাতায়াত করে নারী-পুরুষ ফুটবল দল। সে সকল ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে না ফুটবল ফেডারেশন। মিয়ানমারের পরিস্থিতি একটু ভিন্ন রকম বিধায় বাফুফে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা নিয়েই এগুতে চায়। মিয়ানমার ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলকে অন অ্যারাইভাল ভিসার নিশ্চয়তা দিয়েছে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে দল প্রেরণের সবুজ সংকেত দিলে বিমান টিকিট নিশ্চিত করবে বাফুফে।

 

-পার্বত্য সময়