২৫ বছরেও যে রেকর্ডটি গড়া সম্ভব হয়নি কোনো বাংলাদেশি বোলারের, তা করে দেখালেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের শেষ দিনে অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই বাঁহাতি স্পিনার- যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়।
ম্যাচের পঞ্চম দিনে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। টানা ১৩ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটান তাইজুল ইসলাম। ম্যাকব্রাইনের বিপক্ষে তার একটু দ্রুতগতির বলটি সরাসরি আঘাত করে প্যাডে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুললে রিভিউ নেয় আয়ারল্যান্ড। তবে ভিডিও রিপ্লেতে নিশ্চিত হয়, তাইজুলের বলেই ফিরতে হচ্ছে ম্যাকব্রাইনকে।
এই এক উইকেটই ইতিহাস রচনা করে তাইজুলের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। ১৯৯৯ সালে টেস্ট খেলা শুরু করার পর দীর্ঘ ২৫ বছরে এ মাইলফলক ছুঁতে পারেননি দেশের কোনো স্পিনার বা পেসার- তাইজুলই হলেন সেই প্রথম কীর্তিমান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৩৭। প্রথম টেস্টে ৫ উইকেট এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সংখ্যাটি দাঁড়ায় ২৪৬-এ। তাতেই সাকিব আল হাসানকে (২৪৬) ছুঁয়ে ফেলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে আর মাত্র ৪ উইকেটের দরকার ছিল মাইলফলক গড়তে। ম্যাকব্রাইনের উইকেটটি তাঁর সেই মহাযাত্রাকে পূর্ণতা দিল।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে তাইজুলের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসান- ২৪৬। তৃতীয় স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যার উইকেট সংখ্যা ২০৫। এরপর আছেন মোহাম্মদ রফিক (১০০) ও মাশরাফি বিন মর্তুজা (৭৮)।
বাংলাদেশ ম্যাচে এখন জয়ের থেকে মাত্র ২ উইকেট দূরে, তবে আজকের দিনের আসল গল্পটাই তাইজুল ইসলাম- যিনি দেশের টেস্ট ক্রিকেটকে তুলে নিলেন নতুন উচ্চতায়।

