দুই যুগ পর বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ভারতে পা রাখলেও শুরুতেই তার সফর বিব্রতকর ঘটনায় কলঙ্কিত হয়েছে। ‘জিওএটি ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতায় পৌঁছেই আয়োজকদের চরম অব্যবস্থাপনার শিকার হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাত্র এক ঘণ্টার মধ্যেই গ্যালারিতে হট্টগোল, ভাঙচুর ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেসিকে এক নজর দেখার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সমর্থকেরা চেয়ার ও বোতল ছুড়ে প্রতিবাদ জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাজনিত কারণে মেসিকে দ্রুত মাঠ ছাড়তে হয়। ঘটনার জেরে আয়োজক কমিটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপ্রীতিকর ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
কলকাতার এই বিশৃঙ্খলা শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস, ব্রিটেনের বিবিসি ও দ্য গার্ডিয়ান, স্পেনের মার্কা এবং ফ্রান্সের লে’কিপ–সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে এই ঘটনা।
নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, ‘অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি ও বিশৃঙ্খলার পর লিওনেল মেসির ভারত সফরের আয়োজক আটক’। প্রতিবেদনে বলা হয়, মেসিকে গ্যালারি থেকে স্পষ্টভাবে দেখাই যায়নি এবং নির্ধারিত সময়ের অনেক আগেই নিরাপত্তারক্ষীরা তাকে মাঠ থেকে সরিয়ে নেন। মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও তদন্ত কমিটি গঠনের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসি শিরোনাম করেছে, ‘বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হলো লিওনেল মেসির ভারত সফর’। তারা জানায়, রাজনীতিবিদ ও কর্মকর্তাদের অতিরিক্ত ভিড়ে মেসি বিরক্ত হয়ে পড়েন এবং মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর তাকে সরিয়ে নেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ দর্শকেরা আক্রমণাত্মক হয়ে ওঠে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেউ কেউ ১২ হাজার রুপি দিয়ে টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখার সুযোগ পাননি।
দ্য গার্ডিয়ান সরাসরি আয়োজকদের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে। তারা লিখেছে, যুবভারতীর দর্শকেরা আয়োজনের দুর্বলতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান। আয়োজক প্রধানের গ্রেপ্তার ও তদন্তের ঘোষণার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম করেছে, ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’। তারা লিখেছে, হাজার হাজার সমর্থক বিপুল অর্থ ব্যয় করে মাঠে এসেছিলেন শুধু মেসিকে দেখার জন্য, অথচ ইন্টার মায়ামির এই তারকা মাত্র ২২ মিনিটেই মাঠ ছাড়েন।
ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া দৈনিক লে’কিপ এই ঘটনাকে আখ্যা দিয়েছে ‘বিরক্তিকর অভিজ্ঞতা’ হিসেবে। তাদের ভাষ্য, মেসিকে ঘিরে থাকা অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে সমর্থকদের হতাশা চরমে পৌঁছায় এবং পুরো আয়োজনটি দর্শকদের জন্য মর্মান্তিক অভিজ্ঞতায় পরিণত হয়।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ তারকাকে ঘিরে এমন বিশৃঙ্খলা শুধু একটি আয়োজনের ব্যর্থতাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ব্যবস্থাপনা সক্ষমতা ও ক্রীড়া ইভেন্ট আয়োজনের বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

