কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী মানবপাচারকারী সিন্ডিকেটের একটি আস্তানা থেকে তিন স্থানীয় ব্যক্তি ও এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাচারকারী চক্রটি অন্তত ১৫-১৬ জন নারী-পুরুষকে ওই আস্তানায় জড়ো করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় চারজনকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- শামশুল আলম (৩৬), রমজান (২৪) ও জিয়াবুল (২১), যারা কক্সবাজারের খুরুশকুল ও উখিয়ার বাসিন্দা। অপরজন রহিমুল্লাহ (৪৮), তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, টেকনাফের কাহারছড়া এলাকার ফারুক নামে এক ব্যক্তির নেতৃত্বে এই সিন্ডিকেটটি তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। তবে অভিযানের সময় তিনি ও তার সহযোগীরা পালিয়ে যান।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।