মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার অদূরে বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি কার্গো বোট থেকে ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সিমেন্ট।

আটককৃতরা হলেন-মোহাম্মদ জামাল উদ্দিন, আবদুল মালেক, মোহাম্মদ জাফর ও মোহাম্মদ এনাম। তাদের সবার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোট্টরপাড়া এলাকায়।

কোস্ট গার্ড জানিয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যেই এই সিমেন্ট স্থানান্তর করা হচ্ছিল। এ ঘটনায় জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত ফিশিং ও কার্গো বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।