কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা এক শিশু ও ছয় নারীসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এর আগে সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি বসতবাড়িতে কয়েকজন রোহিঙ্গাকে জিম্মি করে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছে। পরে একটি দল ওই বাড়িতে অভিযান চালালে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ধাওয়া করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তল্লাশি চালিয়ে পাচারকারীদের ব্যবহৃত ওই আস্তানা থেকে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের করে এনে সেখানে আটকে রেখেছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


