বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বুধবার দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মোট ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচজন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোরশেদ আলম, মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন (ওরফে আমিন) ও মো. নাছির উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোরশেদ আলম পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ৫২ জন সাক্ষী ও অস্ত্র মামলায় ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।

এই মামলায় নানা মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন জালাল উদ্দিন ওরফে বাবুল, মোহাম্মদ আরিফ উল্লাহ, মো. আনোয়ার হাকিম, মো. জিয়াবুল করিম, মো. ইসমাইল হোসেন ওরফে হোসেন, এনামুল হক এনাম ওরফে তোতা এনাম, মোহাম্মদ এনাম, মো. কামাল ওরফে বিন্ডি কামাল ও আবদুল করিম ওরফে মো. করিম। এদের মধ্যে আবদুল করিম পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ জানুয়ারি হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুইটি মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়। দু’টি মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা গেলেও ৬ জন রায় ঘোষণা পর্যন্ত পলাতক রয়েছেন।

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর চকরিয়ার পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে অভিযানের সময় ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। পরবর্তীতে এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়।