কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যুদ্ধফেরত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য মোহাম্মদ ইলিয়াসকে (২৬) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৫০ রাউন্ড গুলিসহ দুটি রাইফেল জব্দ করা হয়।
রোববার (১৪ জুলাই) ১৪ এপিবিএনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইলিয়াস উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের বাসিন্দা। আটক মোহাম্মদ ইলিয়াসকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, শনিবার রাত সোয়া একটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকান সংলগ্ন বাঁশের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, সম্প্রতি মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে ফেরত একজন আরসা সন্ত্রাসীকে দুটি রাইফেল ও ৫০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তাকে অস্ত্র-গুলিসহ থানায় হস্তান্তর করা হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
-পার্বত্য সময়

