চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় র্যাবের আরও তিনজন সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে ৪৩ জন সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাইকে ঘোষণা দিয়ে আশপাশের লোকজন জড়ো করে। পরে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জনের একটি সংঘবদ্ধ দল র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের চার সদস্য গুরুতর আহত হন।
পরে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে প্রয়োজনীয় অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, সীতাকুণ্ডে অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। রাত হওয়ায় তাৎক্ষণিক অভিযান সম্ভব হয়নি। আগামীকাল মঙ্গলবার আসামি গ্রেপ্তারে করণীয় নির্ধারণ করে অভিযান পরিচালনা করা হবে।


