বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। উপহার দিয়েছেন ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘তুমি যদি বলো পদ্মা মেঘনা’, ‘চন্দনা গো’, ‘তুমি রোজ বিকেলে’, ‘ছোট গল্প’, ‘একতারা বাজাইও না’র মতো কালজয়ী সব গান। কুমার বিশ্বজিতের জন্মদিন শনিবার (১ ‍জুন)। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মূলত ব্যান্ড মিউজিক দিয়ে পথচলা শুরু কুমার বিশ্বজিতের। এরপর ঢাকায় এসে থিঁতু হন একক ক্যারিয়ারে।

তার শৈশব কেটেছে চট্টগ্রাম জেলায়। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এ শিল্পী। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায়যায় দিন, চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিনোদন বিচিত্রাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

চার দশক আগের তরুণ-তরুণীর মনে কাঁপন ধরানো গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে...’ আজও নতুন প্রজন্মের শ্রোতাদের মনে দোলা দেয়। বিটিভিতে ‘শিউলীমালা’ অনুষ্ঠানে প্রথম প্রচারিত হয় গানটি। এরপর অডিওতে ছড়িয়ে দেওয়া সেই মন মোহনী গানের তরঙ্গ আজও সব বয়সের সঙ্গেই সমান মানানসই। সেই একই কণ্ঠের জাদুতে এখনো এ শিল্পী জয় করে চলেছেন কোটি মানুষের হৃদয়। এক গানেই রাতারাতি তারকাখ্যাতি পাওয়া বিশ্বজিতের আরেকটি শ্রোতাপ্রিয় গান- ‘চতুর্দোলাতে চড়ে দেখো ঐ বধূ যায়...’ দ্রুততম সময়ের মধ্যেই যশখ্যাতি পেয়ে যান কুমার বিশ্বজিৎ।

-পার্বত্য সময়