চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে সশস্ত্র হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরের চান্দগাঁও থানা এলাকার চালিতাতলী খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে দলীয় সূত্র জানিয়েছে।

ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে দলীয় বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর স্বৈরশাসনের পতনের সুযোগে আবারও দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ হামলা দেশের স্থিতিশীলতা নষ্ট ও নির্বাচনী পরিবেশ ভাঙচুরের অপচেষ্টা।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই হামলা চালানো হয়েছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না- কঠোর হাতে দমন করতে হবে।

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। না হলে ওঁৎ পেতে থাকা শক্তি আবারো দেশের অস্তিত্ব ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।

তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।