শুক্রবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তীব্র গরমের মধ্যে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের কার্যালয় থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২৬০টি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ৪হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, ওই ক্যাম্পের ডি-ব্লকের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিস ৮টি ইউনিট। তাদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা। কিন্তু তার আগেই আগুনে পুড়ে যায় হাজারো রোহিঙ্গার মাথা গোঁজার ঠাঁই। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ক্যাম্পের আগুনে ৪৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ২১০টি সেল্টার। যার কারণে ৪ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া ৪৫টি দোকান পুড়ে গেছে।
রোহিঙ্গারা জানান, হঠাৎ কারিতাস অফিস থেকে আগুন ধরলে আমরা নিরাপদে ছুটে আসি। তারপর ঘরবাড়ি পুড়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নিচে।
এবিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান মুঠোফোনে জানান, বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
-পার্বত্য সময়

