নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফর করেছেন। আজ বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
চট্টগ্রামে পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-৫ পরিদর্শন করেন। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
দুপুর ২টার দিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। একই দিনে বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করে। ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। ১৯৭২ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
দিনের শেষভাগে তিনি নিজের পৈতৃক বাড়ি হাটহাজারীর বাথুয়া গ্রাম পরিদর্শনে যান। এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
সফর উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়। এ ছাড়া তাঁর কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা ও যানজটসহ নানা বিষয়ে ব্রিফিং দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউনূস চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্রও আজ আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

-পার্বত্য সময়