চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এক পুলিশ সদস্য আদালতে এ সংক্রান্ত আবেদন জমা দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত চিন্ময়কে আইনজীবী হত্যার মূল মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। পাশাপাশি আরও তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।
রক্তাক্ত সেই দিন ও পরবর্তী মামলা
২০২৪ সালের ২৬ নভেম্বর, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দিন হট্টগোল, সংঘর্ষ ও সহিংসতায় রক্তাক্ত হয় পরিবেশ। ওইদিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় আরও পাঁচটি মামলা হয় পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে। এসব মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে গ্রেপ্তার রয়েছেন ২১ জন।
এর আগেও চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এই মামলায় তাকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
চলতি বছরের মে মাসের শুরুতে হাইকোর্ট চিন্ময়ের জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। চেম্বার আদালতে আজ শুনানি হওয়ার কথা থাকলেও জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত থাকায় শুনানি হয়নি।

-পার্বত্য সময়