চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশাসনিক পদে সহ-উপাচার্য তিনিই প্রথম। তিনি আগামী চার বছর সহ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এর আগে কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি।
বুধবার (৬ মার্চ)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা এক ধারা অনুসারে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীকে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে পাঁচটি শর্তে নিয়োগ দেওয়া হলো।
এগুলো হলো—
১. সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
২. এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
৩. বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সব সুবিধা ভোগ করার পাশাপাশি তিনি ক্যাম্পাসে অবস্থান করবেন।

৪. তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
৫. রাষ্ট্রপতি বা আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করা যাবে।
অধ্যাপক সেকান্দর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দলের আহ্বায়ক। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক, কলা ও মানববিদ্যা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।
 

-পার্বত্য সময়