কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, একাধিক শো-রুম, চায়ের দোকান, ফার্মেসী, ইলেকট্রি এন্ড হার্ডওয়্যার, গাছের গুদাম, একটি কীর্টনাশের দোকান ও একাধিক ফার্নিচারের দোকানসহ ২১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

জানা গেছে, মার্কেটটিতে প্রায় অর্ধশত দোকান আছে। এসব দোকানে কাজ করে তিন শতাধিক মানুষ জীবিকা নির্বাহ করেন। পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি টাকার মালামাল ছিল। মার্কেটের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে মার্কেটের বেশিরভাগ অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘খরুলিয়া গরু বাজারের পূর্ব অংশের আমিন মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও টিনের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

খরুলিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ নুরুল আজিম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

 

-পার্বত্য সময়