চট্টগ্রামের পৃথক দুই ঘটনায় দুইজন চিকিৎসককে মেরে আহত করার ঘটনায় এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজস্ব চেম্বারে কোন ধরনের রোগী না দেখার কথা জানিয়েছেন চিকিৎসকদের সংগঠন, বাংলাদেশ মেডিকেল আ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।
হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা কার্যক্রম বন্ধ রাখার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
নগরীর প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথকেয়ার। সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। ডায়াগনস্টিক সেবা না দেওয়ার বিষয়টি প্রবেশপথে ব্যানারে উল্লেখ করা হয়েছে। তবে সকালে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে এসে ফেরত যেতে হচ্ছে। এতে অনেক জটিল রোগীও আছেন।
এ বিষয়ে কথা বলার জন্য এপিক হেলথকেয়ারের কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি। মূল প্রবেশপথে থাকা কর্মচারীরা বলেন, কর্তৃপক্ষের নির্দেশে আজ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখেছি। লোকজন এলে তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছি।
এদিকে, কর্মসূচি সংক্রান্ত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ এপ্রিল) রাতে বলা হয়, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্য আসামিদের গ্রেফতার ও চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে এনআইসিইউতে কর্তব্যরত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামিসহ জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবি ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে গত ১৭ এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কর্মসূচি দেয়।
কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সব প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে আগের ভর্তি রোগীর চিকিৎসা সেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেওয়া যাবে, কোনও নতুন রোগী এন্ট্রি বা সেবা দেওয়া যাবে না।
-পার্বত্য সময়

