দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ক্যাম্পাসের ১৫টি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও উত্তেজনা—অনেকেই বলছেন, এটি যেন “একটি ঐতিহাসিক দিন”।

শিক্ষার্থীরা বলছেন, আজকের এই দিনটির জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তাই প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে এসেছি।

এবারের নির্বাচনে ১৩টি প্যানেলের ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন ও নারী ১১ হাজার ৩২৯ জন।

পাঁচটি অনুষদের অধীনে ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে সর্বাধিক ৫০০ শিক্ষার্থী ভোট দিতে পারবেন।

একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টি—মোট ৪০টি ভোট দিতে পারবেন। নির্বাচনী কর্মকর্তাদের হিসেবে, প্রতিজনের ভোট দিতে সময় লাগছে গড়ে ১০ মিনিটের মতো।

৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।