বাংলাদেশের চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে ‘ইসকন নিয়ে ফেসবুকে দেয়া পোস্টকে’ কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন মারা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। কিন্তু এ খবরটি নিছক গুজব বলে জানা গেছে।
ফেসবুকে 'ইসকন' নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হাজারী গলির ব্যবসায়ী মো. ওসমানের একটি পোস্টকে কেন্দ্র করে ৫ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি তার দোকানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে, ওসমানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ ব্যক্তিদের ছোঁড়া অ্যাসিডে সহকারী কমিশনারসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি শান্ত করতে যৌথ বাহিনী অভিযানে নামে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন ব্যক্তির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় এক হিন্দু ধর্মাবলম্বী নিহত হয়েছেন। কেউ কেউ উল্লেখ করেছেন, উক্ত সংঘর্ষে ৫ জন সনাতনী নিহত হয়েছেন। 
এ বিষয়ে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, গতকাল (০৫ নভেম্বর) চট্টগ্রামের হাজারী গলিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এই প্রতিবেদন প্রকাশ অবধি কেউ নিহত হননি। প্রকৃতপক্ষে গেল সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ব্যক্তির ছবি দাবিতে প্রচারিত ছবিকে গতকাল চট্টগ্রামে সংঘর্ষে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি নিহতের ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।
এদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫ নভেম্বর চট্টগ্রামে হওয়া হামলায় পুলিশসহ আহত হয়েছেন ১২ জন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যৌথ বাহিনীর অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। তবে, কোথাও কোনো নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর) কাজী মোঃ তারেক আজিজের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম৷ তিনি জানান, উক্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হননি। 
একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিনিধি মিন্টু চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনিও জানান, “নিহত (এর তথ্য) আমরা পাই নি। আহত সুনির্দিষ্ট এখনো পাওয়া যাচ্ছে না। চমেকে (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ) ৫৬ জন চিকিৎসা নিয়েছে।” 
আজকের পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সবুর শুভও জানান, উক্ত ঘটনায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনিও রিউমর স্ক্যানারকে একই তথ্য জানান।

-পার্বত্য সময়