সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। অবশেষে সব চর্চা শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারাজ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়ামতে সাদামাটাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারাজ করিম চৌধুরীর আকদ। এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাদামাটাভাবে মসজিদে শরিয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন। সেই কথা তিনি রাখতে যাচ্ছেন।
এ ছাড়া আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
এদিকে ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্ম তার। রাজধানী ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে পড়ালেখা শেষ করে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন। শুধু তাই নয় এ তরুণী দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার।
প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।
 

-পার্বত্য সময়