চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম গণমাধ্যমকে জানান, “তিনি রাতে ক্লাবের গেস্ট হাউসে অবস্থান করছিলেন। সকালবেলায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। হারুন-অর-রশীদ ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সন্তান হারুন-অর-রশীদ পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাব প্রদান করে।
২০০০ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০০২ সালের জুনে অবসরে যান। এরপর তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে হারুন-অর-রশীদ ডেসটিনি গ্রুপে যোগ দেন। পরে গ্রুপের বিস্তৃতি ও নানা আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়। ২০১২ সালে জালিয়াতি মামলায় তাকে কারাগারে যেতে হয়।

-পার্বত্য সময়