র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে আলোচিত পাঁচ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প–০৮ পূর্বের ব্লক বি/৩২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ মার্চ) বিকেলে র্যাব-১৫ কক্সবাজারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বীর রহমান (৩৫)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। তার বাবা মরহুম ফকির আহম্মদ। র্যাব জানিয়েছে, তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সংশ্লিষ্ট সন্ত্রাসী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প–০৮ এলাকায় আলোচিত পাঁচজনকে হত্যার মামলার পলাতক আসামি বীর রহমান অবস্থান করছেন। এরপর র্যাব–১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্য সংগ্রহ শুরু করে। পরে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, বীর রহমানের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচজনকে হত্যার অভিযোগ রয়েছে।
আ. ফ. ম. ফারুক, সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া), র্যাব–১৫ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


