চট্টগ্রাম থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট রোববার (১৯ এপ্রিল) শুরু হয়েছে। ৩৭১ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের-এর বিজি-১৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত ইন্টারন্যশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টরা, হাব ও আটাবের প্রতিনিধিরা। এতে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন।
পরে তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার হজযাত্রী সৌদি আরবে যাবেন। শেষ হজ ফ্লাইট আগামী ২০ মে এই বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

