চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার (৫ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে 'হত্যার' সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিতেই তারা সকাল ১০টা থেকে হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হাটহাজারীর কাটিরহাট বাসস্ট্যান্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট, বড় দিঘির পাড় ও নাজিরহাটে সড়কে বাঁশ ও কাঠ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, “চারটি পয়েন্টে অবরোধ চলছে। আমরা ঘটনাস্থলে আছি এবং বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছি।” তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রামগড়, মানিকছড়ি, মহালছড়ি, লামা ও রাঙামাটির বহু এলাকার সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসুস্থ রোগী, শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং পণ্যবাহী গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছে।

-পার্বত্য সময়