চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন চৌধুরী (৪২) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমরান হোসেন চৌধুরী উপজেলার চারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর একটি চান্দের গাড়ি জব্দ করেছে পুলিশ, তবে চালক এখনো পলাতক।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে উপজেলা সদর থেকে দলীয় সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এমরান চৌধুরী। চারিয়া বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদুল ইসলাম বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত চান্দের গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


