এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আগের বছরের তুলনায় পাসের হার কমেছে। তবে পাসের হার কমলেও আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। এর আগে, গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম:

চট্টগ্রামে গত ৫ বছরের তুলনায় এবার পাসের হার সবচেয়ে কম। এবার পাসের হার পাসের হার ৭০ দশমিক ৩২। এর আগে ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৫, ২০২২ সালে ৮০ দশমিক ৫০, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ এবং ২০২০ সালে অটো পাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল। এবার জিপি-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। ২০২৩ সালে পেয়েছিল ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রামে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫ হাজার ৪১৬ শিক্ষার্থী। চট্টগ্রামে এবার উপস্থিত ছাত্রের সংখ্যা ৪৮ হাজার ৮৩ এবং ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ। উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৩৩৩ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। চট্টগ্রামে মোট ৪ হাজার ৫১০ ছাত্র এবং ৫ হাজার ৭৪৯ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন শতভাগ পাস করেছে এরকম কলেজের ১৩টি। তবে কেউ পাস করেনি এরকম কলেজ রয়েছে ৫টি। গত বছর শতভাগ পাস করেছিল ১২ কলেজের শিক্ষার্থীরা এবং কেউ পাস করেনি এরকম কলেজের সংখ্যা ছিল ৩টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন রাঙ্গামাটি জেলায় পাসের হার ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৫৯ দশমিক ৬৩ এবং বান্দরবান জেলায় ৫৯ দশমিক ৯০ শতাংশ।

যেভাবে ফলাফল জানবেন:

স্ব স্ব প্রতিষ্ঠানের ফল বোর্ডের ওয়েবসাইট থেকে Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার পুরো রেজাল্ট শিট দেখতে পাবেন।
SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন- HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।
চলতি বছরের ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী- ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটাসংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

  • -পার্বত্য সময়