চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বাসিন্দারা বন্য হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে কর্ণফুলী-আনোয়ারা পিএবি সড়কের দৌলতপুর স্কুল এবং সিইউএফএল সড়কের জাইল্লাঘাটা এলাকায় এই অবরোধ চলে।
বিক্ষোভের কারণে ইদযাত্রায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কেইপিজেড এলাকার বনাঞ্চলে থাকা চারটি বন্য হাতি প্রায়ই লোকালয়ে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত এসব হামলায় অন্তত ৩০-৩৫ জন নিহত, ১৫০-২০০ জন আহত এবং প্রায় ৫০০ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, “১৫ বছরে বহু হতাহতের ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা হাতি অন্যত্র সরিয়ে নেওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না।”
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, “হাতির আক্রমণ ঠেকাতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।”

-পার্বত্য সময়