আগামী তিন দিন দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে চট্টগ্রাম, রংপুর ও সিলেট   বিভাগের অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জারি করা বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর প্রভাবে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার ঝুঁকি রয়েছে।
রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সিলেট অঞ্চলে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আবহাওয়া ও পানির প্রবাহ পরিস্থিতির ওপর নির্ভর করে এসব এলাকার পানি বাড়তে পারে এবং স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

-পার্বত্য সময়