চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে এক রোহিঙ্গার বিরুদ্ধে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা মো. ইউনুসের ছেলে। অভিযুক্ত রোহিঙ্গা যুবকের নাম মো. হানিফ। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা জাফর আহমদের মাছের প্রজেক্টে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন।
স্থানীয়রা জানান, মানসিকভাবে অসুস্থ আব্দুল্লাহ জাফর আহমদের একটি গাছ থেকে পেয়ারা খেতে চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি রাগ করে গাছটি কেটে ফেলেন। এ ঘটনায় জাফর আহমদ তাকে ডেকে আনেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে রোহিঙ্গা হানিফ ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


