কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কিশোর আব্দুল হাকিম (১৫), সে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।।

রোববার (২৯ মার্চ) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নাফ নদী থেকে মাছ ধরে পাড়ে উঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।’

স্থানীয়দের ধারণা, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে।

আহত কিশোরকে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেও একই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরেক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়ে পা হারান। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।