চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী, উপজেলা প্রসাশন ও পুলিশের বিশেষ অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি কার্ড) ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সদস্যদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ অংশ নেয়। অভিযানের সময় অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে পৃথক অভিযানে আরও ছয়জন রোহিঙ্গা পুরুষকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বেশ কয়েকটি সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, যৌথ অভিযানে আটক ৪৫ জন রোহিঙ্গার কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


