রমজান মাসকে সামনে রেখে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় কক্সবাজারের সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সোমবার (১১ মার্চ) থেকে উখিয়ার ইনানীস্থ নৌবাহিনীর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না। বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিরাপত্তা বিবেচনায় পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বার আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল।

বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন বলেন, ‘পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্ট মার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এর আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানী নৌবাহিনীর জেটিঘাটে ফিরে এসেছে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধে কোনো নির্দেশনা নেই। ব্যবসায়িক কারণে জাহাজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। পর্যটনসেবায় নিয়োজিত সব মাধ্যমকে সহযোগিতা দিতে প্রশাসন সচেষ্ট রয়েছে।

 

-পার্বত্য সময়