সারাদেশের মতো আজ চট্টগ্রামেও প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। দুপুর ২টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই ফলাফল প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী ৯৯ হাজার ৯৫ জন। জেলার পরীক্ষার্থীদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র এবং ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী।
পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে জেলার ১২৮টি কেন্দ্রে, যার মধ্যে ৩৯টি চট্টগ্রাম মহানগরীতে এবং ৮৯টি উপজেলায় অবস্থিত।
ফলাফল দেখার উপায়
পরীক্ষার্থীরা সহজেই অনলাইন, এসএমএস ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।
অনলাইনে ফল দেখতে হলে:
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
চট্টগ্রাম বোর্ডের নিজস্ব ওয়েবসাইট: www.bise-ctg.gov.bd
প্রয়োজন হবে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর।
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে:
সাধারণ বোর্ড (চট্টগ্রাম): SSC CHI [রোল নম্বর] 2025 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা বোর্ড: Dakhil MAD [রোল নম্বর] 2025
কারিগরি বোর্ড: SSC TEC [রোল নম্বর] 2025
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় ফলাফল জানানো হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে:
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের EIIN নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দুপুর ১২টা থেকেই ফলাফল ডাউনলোড করতে পারবে। ফলে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের মাধ্যমেও ফল জানতে পারবে।
ফল পুনর্নিরীক্ষার সুযোগ
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে বা টেলিটক মোবাইলের মাধ্যমে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও টেলিটকের বিজ্ঞপ্তিতে।