বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (২৪ মার্চ) সকালে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নামার আগেই শারীরিক সমস্যা অনুভব করেন তিনি। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম।
তাৎক্ষণিকভাবে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির মিডিয়া বিভাগের কর্মকর্তা রাবিদ ইমাম জানিয়েছেন, তামিমের হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক শনাক্ত করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং দ্রুত ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
শোনা যাচ্ছে, প্রয়োজনে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। তবে চিকিৎসকেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তামিমের অসুস্থতার খবর পেয়ে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ১৯তম কার্যনির্বাহী বোর্ড সভা আয়োজনের কথা থাকলেও তামিমের অসুস্থতার কারণে সেটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। দেশের ক্রিকেটপ্রেমীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
-পার্বত্য সময়


