চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার যন্ত্রপাতি তৈরি হত। বহুতল ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ আগুন লেগেছে। কারখানার ৯ তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানায় কতজন শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, এ কারখানায় মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো হবে।