কর্ণফুলী নদীর ওপর দেশের প্রথম দৃষ্টিনন্দন ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। রাঙামাটির কাপ্তাই ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংযোগস্থল চন্দ্রঘোনা–রাইখালী ফেরিঘাট এলাকায় বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্প।
প্রায় ১,৬৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতুর চূড়ান্ত নকশা প্রস্তুত শেষে প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত নির্মাণকাল নির্ধারণ করা হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, সেতুটির মূল দৈর্ঘ্য হবে ৫৩২ মিটার, সঙ্গে থাকবে ৪৫৫ মিটার ভায়াডাক্ট এবং প্রায় ১,২৫০ মিটার এলিভেটেড সড়ক। চার লেনবিশিষ্ট এই আধুনিক সেতুতে থাকবে স্মার্ট হেলথ মনিটরিং সিস্টেম ও টোল প্লাজা। প্রকল্পের জন্য প্রায় ৭.৫২ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে।
সেতুটি নির্মিত হলে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যে ফেরিমুক্ত সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। এতে দীর্ঘদিনের ফেরি পারাপারের দুর্ভোগ কমবে এবং পর্যটন ও বাণিজ্যে গতি আসবে।
স্থানীয়রা জানান, বর্ষাকালে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যা রোগী পরিবহন ও পণ্য সরবরাহে বড় সমস্যা সৃষ্টি করে। ব্যবসায়ীরা আশা করছেন, সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্প ও সামগ্রিক অর্থনৈতিক বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে।


