কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
আটকরা হলেন- এফডিএমএন মো. আলম (২০) ও সাবিনা বেগম (৪২)। তারা দুজনই বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি জানায়, বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


