কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২৮ এপ্রিল) ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
আটকরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।
এপিবিএন পুলিশ জানিয়েছে, আটকরা সকলেই রাখাইনের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এর মধ্যে আটক জোবায়ের এই সন্ত্রাসী গ্রুপের একজন কমান্ডার।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, রোববার ভোররাতে কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের এক ব্যক্তির বসতঘরে কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবর পেয়ে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। আটকদের শরীর ও ঘরটিতে তল্লাশি চালিয়ে বিদেশি পাঁচটি পিস্তল, দেশে তৈরি দুটি বন্দুক ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।
এপিবিএন পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘আটকরা রোহিঙ্গাদের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ এ ছাড়া আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।
-পার্বত্য সময়