চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউপিডিএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৭। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুজন বড়ুয়ার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায়।
র‍্যাব–৭ এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ-এর হয়ে পাহাড়ে সশস্ত্র কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন সুজন। সম্প্রতি তিনি চট্টগ্রাম নগরীতে এসে অবস্থান করছেন- এমন তথ্য পেয়ে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্য যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যায় বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় সুজন বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনে ইউনিফর্ম পরিহিত অবস্থায় অস্ত্র হাতে তোলা একাধিক ছবি পাওয়া গেছে, যা তার সশস্ত্র সম্পৃক্ততার প্রমাণ বহন করে। এছাড়া তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
র‍্যাব সূত্র আরও জানায়, ইউপিডিএফ-এর হয়ে পাহাড়ি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা এবং ভীতিকর অবস্থান তৈরির কাজে সে সরাসরি সম্পৃক্ত ছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন বড়ুয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, সুজন বড়ুয়া চিকিৎসার জন্য খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে গিয়েছিলেন, কিন্তু র‌্যাব ও আনসার সদস্যরা তাকে পরিকল্পিতভাবে আটক করেছে।
বিবৃতিতে এ গ্রেপ্তারের ঘটনাকে তিনি “পরিকল্পিত রাজনৈতিক দমন-পীড়নের অংশ” হিসেবে অভিহিত করেন এবং সুজন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

-পার্বত্য সময়