তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২১ সম্পাদকীয় পদের মধ্যে ১৯টি এবং পাঁচটি সদস্য পদের সবকটিতেই বিজয়ী হয়েছে এই প্যানেল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থী ইব্রাহীম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের সাঈদ বিন হাবিব জিএস পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৪১ ভোট পেয়ে জয়ী হন।
নির্বাচনে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব স্মৃতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত এবং ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী এবং সোহানুর রহমান।
দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। ভোটগ্রহণ শেষে সারা রাত গণনা চলে এবং ভোরে ফলাফল ঘোষণা করা হয়।


