অস্ত্র মামলায় আটক ইউপিডিএফ (প্রসীত) সমর্থক ও সহযোগিতাকারী হিসেবে অভিযুক্ত অন্তর চাকমাকে (২৩) রাঙামাটি আদালতে নিয়মিত হাজিরার জন্য উপস্থাপন করা হয়। হাজিরা শেষে আদালতের নির্দেশে তাকে পুনরায় রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় জি আর মামলা নং-৩৭/২৫ (কাউখালী থানার মামলা নং-০১, তারিখ ০৩ জুলাই ২০২৫) এর আসামি অন্তর চাকমাকে রাঙামাটি পার্বত্য জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি আর আমলী আদালত-১ এ হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে পুনরায় রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
অন্তর চাকমা কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঈন পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৫৩, ৩৪ ও ১৮৬ ধারার পাশাপাশি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি জোন (৬০ ইবি) ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কাউখালী উপজেলার ঘাগড়া মঈন পাড়া এলাকা থেকে অস্ত্রসহ অন্তর চাকমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরদিন তাকে রাঙামাটি জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি বিচারাধীন অবস্থায় রাঙ্গামাটি জেলা কারাগারে আটক রয়েছেন।


