পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বান্দরবানকে শতভাগ পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলো সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়ন ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রুট চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
আসন্ন অক্টোবর থেকে বান্দরবানে পর্যটকদের ভিড় বাড়তে পারে উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে জেলার প্রবেশমুখ কেরানীহাটসহ পার্শ্ববর্তী সড়কগুলো যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
পর্যটনসেবার মান উন্নয়নের বিষয়ে সাচিং প্রু বলেন, হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘর, আবাসিক কক্ষ ও ওয়াশরুমে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাবারসহ অন্যান্য সেবার মূল্য পর্যটকদের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন তিনি।
ট্যুরিস্ট গাইডদের জেলার ‘দূত’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যটকদের সঙ্গে তাদের আচরণ ও যোগাযোগ হতে হবে মার্জিত ও পেশাদার। বিদেশি পর্যটকদের সুবিধার্থে ইংরেজিতে দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরির উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি। পাশাপাশি পাহাড়ি সড়কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ওপর জোর দেন।
তিনি বলেন, পর্যটন খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পরিবহন ও হোটেল মালিক এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বান্দরবানকে একটি আদর্শ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


